দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি।
৪৫ বছর ধরে পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে তার আটকের স্থান, অভিযান পরিচালনার বিস্তারিত কিংবা কীভাবে তিনি এতদিন আত্মগোপনে ছিলেন—এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেন। দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
তার আটককে জিয়া হত্যা মামলার তদন্ত ও বিচার-সংক্রান্ত প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
