বাগেরহাট সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের দেরি কেন—এ প্রশ্ন তুলেছেন জামায়াত আমির শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়েও দিয়েছেন কড়া মন্তব্য।

বাগেরহাট: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা -কে দেশে ফিরিয়ে আনতে সরকার কেন উদ্যোগী হচ্ছে না—এ প্রশ্ন তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারিক প্রক্রিয়া চলছে, তার মুখোমুখি হওয়ার সুযোগ করে দিতে সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : আসছে চার লংমার্চ, দেশজুড়ে কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “বন্দী বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না? বরং তিনি কেন বলছেন, ‘আমি ঢুকে যাব’? এ প্রশ্নের উত্তর সরকারই ভালো দিতে পারবে। আপনার মতো আমাদেরও দাবি, সরকার নিজ দায়িত্বে তাকে দেশে এনে তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করুক। তবে বিচার অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, অন্যায্য কোনো বিচার আমরা চাই না।”

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গেও কড়া অবস্থান ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি বলেন, “আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার উপযুক্ত। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে।”

আরও পড়ুন : ‘ভোটের সঙ্গে উন্নয়নকে কেন জুড়ছেন?’—মির্জা ফখরুলের বক্তব্যে রংপুরে জামায়াতের বিক্ষোভ

তিনি আরও বলেন, এখনও অনেক গুম হওয়া ব্যক্তি ফিরে আসেননি। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি কোনো নতুন পরিচয়ে বা ভিন্ন খোলসে রাজনীতিতে ফিরে আসে, তা জাতির জন্য দুঃখজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশে হত্যা ও সহিংসতার বিষয়ে শফিকুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা সরকারের দায়িত্ব। তার দাবি, অতীতের বিভিন্ন সময় ক্ষমতাসীনদের দিক থেকেই রাজনৈতিক সহিংসতার সূচনা হয়েছে। তিনি বলেন, “রাজনীতি কখনোই মাসল পাওয়ারের জায়গা হতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই শক্তি প্রদর্শনের সংস্কৃতি চলে আসছে, যা কোনো সরকারের আমলেই পুরোপুরি বন্ধ হয়নি।”

আরও পড়ুন : ঢাকার জন্য ডাক আসবে’—বড় আন্দোলনের ইঙ্গিত দিয়ে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার ভাষায়, এখনও সংবাদমাধ্যম পুরোপুরি স্বাধীন—এ কথা বলা যায় না। তবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা প্রয়োজন।

গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহে ঘাটতির পাশাপাশি অনেক গ্রাহক ভূতুড়ে বিল পাচ্ছেন। এ বিষয়ে অভিযোগকারীদের ভয়ভীতি দেখানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের কার্যক্রমের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সাফল্য বা ব্যর্থতার চূড়ান্ত বিচার করবে জনগণ। পাঁচ বছর মেয়াদ শেষে জনগণই সিদ্ধান্ত দেবে সরকার তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কি না।

আরও পড়ুন 👇

1 thought on “‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি কেন?’—সরকারকে সরাসরি প্রশ্ন জামায়াত আমিরের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *