সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ

সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ। —ফাইল ছবি

শেখ হাসিনা পালিয়ে ভারতে যাননি বলে দাবি করেছেন সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাকে ভারতে পৌঁছে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

দ্য বাজলেন্স | আন্তর্জাতিক ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, ঢাকা-দিল্লি সম্পর্ক এবং তার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে যাননি। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাকে ভারতে পৌঁছে দিয়েছিল বলে দাবি করেন তিনি।

‘সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ভারতে এসেছেন’

শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রসঙ্গে রিভা গাঙ্গুলি বলেন, ভারতে আসার কিছুক্ষণ আগেও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ভারতে যান।

তার দাবি, শেখ হাসিনা মধ্যরাতে বা ছদ্মবেশে ভারতে আসেননি। বরং নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাকে সেখানে পৌঁছে দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে শেখ হাসিনাকে দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে নেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

আরও পড়তে পারেন : শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ভারত-আওয়ামী লীগের পুরোনো সম্পর্কের কথা

রিভা গাঙ্গুলি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তার মতে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দুই দেশের সম্পর্ক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছিল।

শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন নিয়েও কথা বলেন তিনি। রিভার দাবি, এটি ভারত সরকারের উদ্যোগে হয়নি। সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের আমন্ত্রণে শেখ হাসিনা নিজ সিদ্ধান্তে সেখানে বক্তব্য দিয়েছেন।

আরও পড়তে পারেন : ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন’: শেখ হাসিনাকে সোহেল তাজ

বাংলাদেশের কূটনৈতিক চিঠি নিয়ে আপত্তি

বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে পাঠানো সাম্প্রতিক কূটনৈতিক চিঠির ভাষা নিয়েও সমালোচনা করেন সাবেক এই কূটনীতিক।

রিভা গাঙ্গুলির দাবি, চিঠিটিকে প্রচলিত অর্থে কূটনৈতিক চিঠি হিসেবে গণ্য করা যায় না। এর ভাষা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অস্বস্তিকর রাজনৈতিক অবস্থানে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, চিঠির ভাষা কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরও পড়তে পারেন : শেখ হাসিনাকে ফেরাতে ‘গোপন তৎপরতা’? ঢাবির ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

শেখ হাসিনার প্রত্যর্পণ কতটা সহজ?

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি নিয়েও কথা বলেন রিভা গাঙ্গুলি। তিনি বলেন, এক্সট্রাডিশন বা বন্দী প্রত্যর্পণ একটি জটিল আইনি প্রক্রিয়া। তাই বিষয়টি সহজে সমাধান হওয়ার নয়।

তবে শেখ হাসিনা নিজে বাংলাদেশে ফিরতে চাইলে তাকে আটকে রাখার আইনি সুযোগ ভারতের নেই বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে তার ব্যক্তিগত নিরাপত্তা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন রিভা।

‘আস্থার সংকট’ই বড় সমস্যা

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও মন্তব্য করেন সাবেক ভারতীয় হাইকমিশনার। তার মতে, দেশের রাজনৈতিক সমস্যাগুলোর জন্য সবসময় ভারতকে দায়ী করার প্রবণতা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বেরিয়ে আসা উচিত।

একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার পরামর্শ দেন তিনি।

রিভা গাঙ্গুলির মতে, বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হলো আস্থার সংকট। তবে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, বাণিজ্য এবং জ্বালানি খাতে পারস্পরিক নির্ভরতা দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে।

তাই অতীতের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *