সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নতুন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
ভার্চুয়ালি শেখ হাসিনার অনুষ্ঠানে যুক্ত হওয়ার পর সাকিব আল হাসানের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কঠোর মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দেশে ফেরা এবং জাতীয় দলে আবার খেলার সম্ভাবনা কার্যত নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। একসময় দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করলেও সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের পর সেই সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, “তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।”
সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিব আল হাসানও।
এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিবের যে পরিচয় ছিল, তিনি তা ছাড়িয়ে রাজনৈতিক অবস্থান নিয়েছেন। তার ভাষায়, “একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।”
আমিনুল হক আরও বলেন, এতদিন সাকিবকে একজন খেলোয়াড় হিসেবেই বিবেচনা করা হয়েছিল এবং সে কারণে তার বিষয়ে সহনশীল অবস্থান ছিল। তবে সাম্প্রতিক পদক্ষেপের পর সেই অবস্থান বদলে গেছে।
তার ভাষায়, “একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।”
বর্তমানে সাকিব আল হাসানের দেশে ফেরা বা জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আনুষ্ঠানিক কোনো পরিকল্পনার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়নি।
