ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম
৬ সেপ্টেম্বর ২০২৬ | বাজলেন্স ডেস্ক
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ওপর সরকারি দলের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন চালালে তারা চুপ করে বসে থাকবেন না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আঘাত করলে পালটা আঘাত আসবে’—এটা মনে রাখতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১১ দলের নেতাকর্মীদের ওপর হামলা বা তাদের গায়ে হাত তোলা হলে বিএনপির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ বিষয়ে তারা ছয় মাস সময় দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, যারা আঘাত করবে, তাদেরও পালটা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।
আরও পড়তে পারেন : দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
গণভোটের রায় বাস্তবায়নের দাবি
মহিপালের পথসভা থেকে নাহিদ ইসলাম আরও বলেন, আজকের লংমার্চের মাধ্যমে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটের সমাধান করার দাবি জানান তিনি। এসব সমস্যার সমাধান না হলে ক্ষমতার গদিতে থাকা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জনগণ কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়নি দুর্নীতি করার জন্য। মন্ত্রীরা দুর্নীতি করবেন, অথচ দেশের মানুষের ঘরে ঘরে গ্যাস-বিদ্যুৎ থাকবে না—১১ দলীয় ঐক্য তা কোনোভাবেই মেনে নেবে না।
আরও পড়তে পারেন : ‘হঠকারিতা’ বললেই কি গ্রেপ্তার? নাহিদ ইসলামের অভিযোগ, তৈরি হচ্ছে ‘মামলার ন্যারেটিভ’
‘ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে মোকাবিলা করা হবে’
পথসভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও বক্তব্য দেন।
তিনি বলেন, এখন যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তাদের মোকাবিলায় ইনশাআল্লাহ সাড়ে ১৫ বছর সময় লাগবে না।
শফিকুর রহমান বলেন, তারা সংশ্লিষ্টদের চেনেন এবং কার কতটুকু ‘বুকের পাটা’, সেটিও তারা জানেন।
ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করতে জনগণকে সাড়ে ১৫ বছর সংগ্রাম, লড়াই ও যুদ্ধ করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ওই আন্দোলনে সাড়ে তিন হাজারের কম মানুষ জীবন দেননি। শুধু জুলাই আন্দোলনেই ১ হাজার ৪০০-এর বেশি মানুষ জীবন দিয়েছেন।
আরও পড়তে পারেন : ‘গ্যাস নেই, বিল নেই; সেবা নেই, কর নয়’: রুমিন ফারহানার ক্ষোভ
‘চক্রান্তের বিরুদ্ধে কথা বলব, লড়াই করব’
জামায়াত আমির অভিযোগ করেন, ১১ দলীয় ঐক্যের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করা হচ্ছে।
তিনি প্রশ্ন তোলেন, সাড়ে ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তখন তারা কোথায় ছিল? সরকারের অনুগ্রহ নিয়ে অনুমতি নিয়ে রাস্তায় দু-চারজন মানুষ নামানোর সাহসও তারা দেখাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, এই চক্রান্তের বিরুদ্ধে তারা কথা বলবেন এবং লড়াই করবেন। তিনি বলেন, তারা কারও জন্য নয়, শুধু আল্লাহর জন্য লড়াই করবেন।
এক ঘণ্টায় শেষ পথসভা
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর পথসভা শেষ করে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
পথসভায় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিকসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
