স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দেওয়ার ধরন নিয়ে সমালোচনা করেছেন সারজিস আলম
২৮ আগস্ট। ২০২৬, | বাজলেন্স ডেস্ক
রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। তাঁর অভিযোগ, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রশ্নের জবাব দিতে না পারলে প্রসঙ্গ ঘুরিয়ে শাহবাগ ও পল্টনের কথা বলেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পরতে পারেন : ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য: চরমোনাই পীর
রংপুরের চার হত্যা নিয়ে ক্ষোভ
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন সারজিস।
তিনি বলেন, নিহতদের মধ্যে একজন শিক্ষক ছিলেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় তাদের মধ্যেও গভীর ক্ষোভ ও কষ্ট তৈরি হয়েছে।
তবে হত্যাকাণ্ডের পর খুনিদের ধরতে বিশেষ অভিযান বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
আরও পরতে পারেন : ‘স্যালাইন কিনে আনতে হয়; এটা কিসের সরকারি হাসপাতাল?’—স্বাস্থ্যমন্ত্রীর সামনে নারীর ক্ষোভ
‘উত্তর দিতে না পারলে শাহবাগ-পল্টন’
সারজিস আলমের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে প্রশ্ন করা হলে অনেক সময় প্রশ্নকারীকেই তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়।
তিনি বলেন, কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী শাহবাগ বা পল্টনের প্রসঙ্গ সামনে আনেন।
সারজিসের ভাষায়, ‘যখন তিনি এসবের উত্তর দিতে পারেন না তখন তিনি শাহবাগ বা পল্টনের কথা নিয়ে আসেন।’
আরও পরতে পারেন : জামায়াতের লংমার্চে আওয়ামী লীগ ঢোকার আশঙ্কা রাশেদ খাঁনের
সরকারের সমালোচনা করাই এনসিপির কাজ
এনসিপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে সারজিস বলেন, সংসদের ভেতরে ও বাইরে দলটি গঠনমূলক আলোচনা এবং রাজনীতি করতে চায়।
সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা তাদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে এনসিপি তথ্য প্রকাশ করেছে বলে জানান।
তিনি বলেন, এনসিপি কোনো ‘পোষ্য বিরোধী দল’-এর ভূমিকা পালন করতে চায় না। বরং সরকারের ভুল-ত্রুটি চিহ্নিত করে গঠনমূলক রাজনীতি করতে চায়।
বিচার না হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না
দেশের বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন সারজিস আলম।
তিনি বলেন, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা না গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো স্বাভাবিক হবে না।
এ সময় বিএনপির সমালোচনা গ্রহণের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সারজিসের অভিযোগ, দলটি ধীরে ধীরে ‘লাইনচ্যুত’ হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে।
এ ধরনের পরিস্থিতি দেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
