মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সারজিস আলমের ছবি

একই ফ্রেমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সারজিস আলম

‘শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’—মির্জা ফখরুলের আবেগঘন বিদায়বার্তার পর তার নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন সারজিস আলম।

২০ আগস্ট, ২০২৬ | বাজলেন্স ডেস্ক

‘শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন আবেগঘন বিদায়ী বার্তার পর তার নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বিদায়বার্তা দেন।

তার সেই পোস্টের পরই মন্তব্য করেন সারজিস আলম। মির্জা ফখরুলকে ‘সর্বজন শ্রদ্ধেয়’ ও ‘সজ্জন’ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে তিনি তার নতুন পথচলার জন্য দোয়া ও শুভকামনা জানান।

সারজিস তার মন্তব্যে লেখেন, “সম্মানিত মহাসচিব, বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে মির্জা ফখরুলের সংগ্রাম ও ত্যাগ তাদের অনুপ্রাণিত করেছে এবং দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন : ‘ইউএনও অফিসগুলো হয়ে উঠছে বিএনপির দ্বিতীয় অফিস’: সারজিস আলম

মির্জা ফখরুলের সেই আবেগঘন বিদায়বার্তা

এর আগে ফেসবুক পোস্টে মির্জা ফখরুল নেতৃবৃন্দের উদ্দেশে লেখেন, “আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে।”

এরপরই আসে আরও আবেগঘন সেই বাক্য—“আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।”

পোস্টের শেষে তিনি লেখেন, “আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

তার এই বার্তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এমন বিদায়ী ভাষা কেন ব্যবহার করলেন, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুলের উত্থানের গল্প

‘নতুন পথচলা’ নিয়ে সারজিসের বার্তা

মির্জা ফখরুলের বিদায়বার্তার প্রতিক্রিয়ায় সারজিস আলম তার পরবর্তী পথচলার সাফল্য কামনা করেন।

তিনি লেখেন, “আপনার এই নতুন পথচলা ভালোর জন্য হোক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হোক, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।”

শেষে মির্জা ফখরুলের জন্য দোয়া ও শুভকামনা জানান এনসিপির এই নেতা।

মির্জা ফখরুলের আবেগঘন বিদায়বার্তা এবং রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকা সারজিস আলমের এমন শুভেচ্ছা—দুই ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ‘খেলারাম খেলা করে যাচ্ছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *