কর্নেল (অব.) অলি আহমদ। ফাইল ছবি
১৫-ই আগস্ট, ২০২৬ । নিজস্ব প্রতিবেতক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপি সরকারের সময়ে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েও তিনি প্রত্যাশিত পরিবর্তন দেখতে পাননি। এ কারণে তিনি দল থেকে বের হয়ে আসেন বলেও জানান।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
কর্নেল অলি বলেন, ১৯৯১ সালের পর যোগাযোগমন্ত্রী থাকাকালে তিনি দলমত নির্বিশেষে সব সংসদ সদস্যের জন্য কাজ করেছেন। তবে তাকে শুধু বিএনপির জন্য কাজ করতে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি।
তিনি বলেন,
‘আমি তখন বলেছিলাম, আমি পদত্যাগ করে চলে যাব। কারণ আমি শপথ নিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী হিসেবে। আমার শপথ বিএনপির মন্ত্রী হিসেবে নয়।’
দলীয় আনুগত্যের চেয়ে রাষ্ট্রের প্রতি দায়িত্বকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে অলি আহমদ বলেন, ‘প্রয়োজনে পদ ছাড়তে রাজি আছি, তবু বেইমানি, মোনাফেকি করতে পারব না।’
‘এখন আমাকে গালি দেয়’
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে কর্নেল অলি বলেন, ১৯৭১ সালে পুরো জাতি যখন দিশেহারা ছিল, তখন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিদ্রোহ করেছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, তিনিই জিয়াউর রহমানকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়।
বর্তমান সময়ে নিজের সমালোচনা প্রসঙ্গে অলি আহমদ বলেন, ‘এখন আমাকে গালি দেয়, আমি নাকি মেম্বারও হতে পারব না। আমি কিছু বলি না।’
এরপর তিনি বলেন, ‘যে যে স্তরের লোক, তার চিন্তাধারাই তো ওই স্তরের।’
‘১৯টি ক্রুতে সম্মুখ যোদ্ধা ছিলাম’
সাক্ষাৎকারে কর্নেল অলি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গঠিত ১৯টি ক্রুতে তিনি সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বক্তব্যে নিজের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকার পাশাপাশি দলীয় রাজনীতি, সুশাসন ও রাষ্ট্রের প্রতি দায়িত্বের বিষয়গুলো উঠে আসে।
