শেখ হাসিনা ও বিএনপির নেতা রুহুল কবির রিজভী। ছবি: ফাইল্ ফটো
১৬ ই আগস্ট, ২০২৬ । নিজস্ব প্রতিবেদক
ভারতে বসে শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার ঘোষণাকে ‘মামার বাড়ির আবদার’ ও ‘ধৃষ্টতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর পল্লবীতে বিএনপির প্রয়াত ক্রীড়াসংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, হাজার হাজার মানুষকে হত্যার পর শেখ হাসিনা বিদেশে বসে প্রেস কনফারেন্স করে ডিসেম্বরে দেশে ফেরার এবং রাজনীতি করার কথা বলছেন। জনগণ এ ধরনের বক্তব্য মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচার অবশ্যই বাস্তবায়ন হতে হবে।’
রিজভীর ভাষ্য, বিগত সময়ে যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল, দেশের সাধারণ মানুষ তাদের বিচার দেখতে চায়।
শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, ‘এটা যেন মামার বাড়ির আবদার।’
আরও পড়ুন – “শেখ হাসিনা: জীবন, রাজনীতি, নেতৃত্ব ও বাংলাদেশের ইতিহাসে তাঁর ভূমিকা“
‘আশ্রয় দিয়ে নিজেদের স্বার্থ হাসিল’
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতেরও সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তারা মূলত তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চান।
রিজভীর অভিযোগ, শেখ হাসিনা ও তাঁর দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল।
আরও পড়ুন – আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও ‘আইএসআই’য়ের কথা বলছে?
কোকোর স্মৃতিচারণ
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণা করে রিজভী বলেন, কোকো সরাসরি রাজনীতি করতেন না; তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক।
তাঁর দাবি, কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না এবং মায়ের ওপর হওয়া অত্যাচার ও নির্যাতন তিনি সহ্য করতে পারেননি।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বক্তব্য দেন। তিনি দাবি করেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন।
তবে আমিনুল হক বলেন, এত কিছুর পরও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি চান না; বরং জনগণকে সঙ্গে নিয়ে সুবিচারের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।
পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে এসব বক্তব্য দেন নেতারা।
আরও পড়ুন – শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে তারেক রহমানের ভারত সফর নয়: নাহিদ ইসলাম
