The BuzzLens

Breaking News, News Updates

অর্থ ও বাণিজ্যতেল ও জ্বালানী

জ্বালানির দাম দ্রুত কমছে, আমার জনপ্রিয়তাও সর্বোচ্চ: ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম কমার কৃতিত্ব দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজের জনপ্রিয়তাও আগের যেকোনও সময়ের চেয়ে বেশি বলে দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির কারণেই তেলের দাম কমেছে। একই সঙ্গে ইরান যুদ্ধের অবসান এবং আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কৃতিত্ব নিজের ঝুলিতে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ মূল্যপতনের কারণ হিসেবে ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তির কথা উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর আগের সময়ের তুলনায় এখন তেলের দাম আরও কম’। পৃথক আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘জ্বালানির দাম দ্রুত কমছে’। একই সঙ্গে নিজের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি লেখেন, ‘এটাই আমার সর্বোচ্চ জনসমর্থন।’

সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৩ ডলার। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৬৯ ডলার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগের তুলনায় এই দাম প্রায় ১৫ শতাংশ কম।

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হান্না জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছেন, মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প একদিকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে আসছেন। তিনি বলেছেন, কোনও চুক্তি না হলে, আলোচনা শেষ না হলে বা সংঘর্ষ চলতে থাকলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। তবে একই সঙ্গে তিনি সংযত অবস্থানও দেখিয়েছেন।

ট্রাম্প চান যুদ্ধবিরতি বহাল থাকুক, আলোচনা এগিয়ে যাক এবং শেষ পর্যন্ত একটি সমঝোতা হোক।

প্রতিবেদনে বলা হয়, এর পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে। কারণ, সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্প চান ইরান যুদ্ধের অধ্যায় দ্রুত শেষ করে সামনে এগিয়ে যেতে।

এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিকভাবে তার জন্য ক্ষতিকর হয়েছে এবং এটি ব্যাপকভাবে অজনপ্রিয়। তাই ট্রাম্পের দৃষ্টিতে যুদ্ধ যত দ্রুত শেষ হবে এবং চুক্তি যত দ্রুত হবে, ততই তার জন্য ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *