বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি।
১৮-ই আগস্ট, | ২০২৬ বাজলেন্স ডেস্ক
গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ হিসেবে চিহ্নিত করে বিরোধীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও মামলা দেওয়ার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংবাদ সংগ্রহে যুক্ত সাংবাদিকেরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
আরও পড়ুন : দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
‘রাস্তায় নামলেই বলা হবে ভাঙচুর করতে এসেছি’
সম্প্রতি বিদ্যুৎ ও গ্যাস-সংকট নিয়ে এনসিপির কর্মসূচিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, রাস্তায় বসে শান্তিপূর্ণ বিক্ষোভ করা গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি।
তবে সেই আন্দোলনকেই ‘হঠকারিতা’ হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদের ভাষায়, ‘কালকে যখন আমি রাস্তায় নামব প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে গ্রেপ্তার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে।’
আরও পড়ুন : ‘হঠকারিতা’ বললেই কি গ্রেপ্তার? নাহিদ ইসলামের অভিযোগ, তৈরি হচ্ছে ‘মামলার ন্যারেটিভ’
সংসদের বাইরে কথা বলাও গণতন্ত্রের অংশ
নাহিদ ইসলাম বলেন, বিরোধী দল সংসদের ভেতরে যেমন কথা বলবে, তেমনি সংসদের বাইরেও কথা বলবে—এটাই গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনৈতিক আন্দোলনের স্বাভাবিক চিত্র।
অহিংসভাবে নিজেদের বক্তব্য প্রকাশের সুযোগ না থাকলে গণতন্ত্র সংকুচিত হয়ে আসে বলেও মন্তব্য করেন তিনি।
গত ১৪ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে সড়ক অবরোধ করে গণসমাবেশ করে এনসিপি। ওই কর্মসূচিতে লোডশেডিংয়ের প্রতিবাদে নাহিদ ইসলামসহ দলটির নেতারা হারিকেন প্রদর্শন করেন।
এরপর শনিবার মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই কর্মসূচির সমালোচনা করে রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুরের রাজনীতির দিন নেই বলে মন্তব্য করেন এবং এ ধরনের কর্মসূচিকে ‘হঠকারিতা’ হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন : বিদ্যুৎ সংকটে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, হাসনাতের পাল্টা ৪ প্রস্তাব
‘দেশ কোন দিকে যাচ্ছে, ভাবা উচিত’
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলন করাকেও এখন হঠকারিতা বলা হচ্ছে।
এ পরিস্থিতিতে দেশ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে সবাইকে ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি।
দেশে বর্তমানে যে মুক্ত পরিবেশ রয়েছে, সেটিকে ‘আপৎকালীন’ পরিবেশ হিসেবে উল্লেখ করে নাহিদ বলেন, এই পরিবেশ কত দিন থাকবে, তা কেউ জানে না। ধীরে ধীরে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন : আসছে চার লংমার্চ, দেশজুড়ে কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের
সাংবাদিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া ঠেকাতে সাংবাদিক ও রাজনৈতিক দল—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নাহিদ অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক সাংবাদিককে গণমাধ্যম থেকে বের করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কিছু গণমাধ্যমের বিরূপ আচরণের অভিযোগও তোলেন তিনি।
আরও পড়ুন : ‘শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর
হাসনাতকে নিয়ে ‘২০ থেকে ৩০ প্রতিবেদন’ প্রকাশের অভিযোগ
এনসিপির জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের পর একটি গণমাধ্যম ৪৮ ঘণ্টায় তাকে নিয়ে ২০ থেকে ৩০টি প্রতিবেদন প্রকাশ করেছে বলে অভিযোগ করেন নাহিদ।
এ ধরনের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিভিন্ন সাংবাদিক ও গণমাধ্যম থেকে ছাত্রনেতাদের চরিত্রহননের চেষ্টা করা হয়েছে।
তবে বক্তব্যে সংশ্লিষ্ট গণমাধ্যমটির নাম উল্লেখ করেননি তিনি।
জুলাইয়ের সাংবাদিকদের ভূমিকার প্রশংসা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও অনেক সাংবাদিক দায়িত্ব পালন করেছেন। শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন জেলাতেও সাংবাদিকেরা কাজ করেছেন।
তার দাবি, পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে দেশপ্রেম, মানবিকতা ও বিবেকবোধ থেকে অনেক সাংবাদিক ভূমিকা রেখেছেন এবং সাংবাদিকদের সক্রিয়তা না থাকলে আন্দোলন সফল করা সম্ভব হতো না।
সাংবাদিকদের উদ্দেশে নাহিদ বলেন, প্রকাশ্যে, পরোক্ষভাবে কিংবা গোপনে তারা যে সাহসী ভূমিকা পালন করেছেন, তার জন্য তারা কৃতজ্ঞ।
সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে থাকা সাংবাদিকদের সুরক্ষা আইনসহ বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের দাবি জানান এনসিপির আহ্বায়ক।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের জন্য সরকারি উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
সবশেষে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকেরা যাতে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে ক্ষেত্রে সরকার বা কোনো রাজনৈতিক শক্তি যেন বাধা হয়ে না দাঁড়ায়। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা ও দায়িত্বশীল রাজনীতির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
