দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একাত্তর মঞ্চে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাহিদ হোসেন।
দিনাজপুর: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা -কে উদ্দেশ করে কটাক্ষ করে বিএনপির মন্ত্রী জাহিদ হোসেন বলেছেন, “‘পালাই না’ বলে বড়াই করে শেষ পর্যন্ত চুপচাপ পালিয়ে গেল শেখের বেটি।” একই সঙ্গে তিনি বিরোধী দলকে জনগণের মনের ভাষা বোঝার আহ্বান জানিয়ে বলেন, অহেতুক রাজপথ গরম করার কোনো প্রয়োজন নেই।
বুধবার (৫ আগস্ট) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একাত্তর মঞ্চে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাইয়ের চেতনা বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি’
জাহিদ হোসেন বলেন, বিএনপি শুধু মুখে জুলাইয়ের চেতনার কথা বলে না, বরং তা বাস্তবায়নেও বিশ্বাস করে। তিনি দাবি করেন, সেই বাস্তবায়নের অংশ হিসেবেই ইতোমধ্যে জুলাই জাদুঘর উদ্বোধন করা হয়েছে।
অহেতুক রাজপথ গরম করার মানে হয় না’
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, জনগণের মনের ভাষা অনুধাবন করা প্রয়োজন। অহেতুক রাজপথ গরম করার কোনো অর্থ নেই।
তার ভাষায়, সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়। তাই তাদের বিনা কারণে উত্ত্যক্ত করা কিংবা কথায় কথায় স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেওয়া সমীচীন নয়।
‘বিএনপি জনগণের পাশে’
জাহিদ হোসেন আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করা একটি রাজনৈতিক দল এবং ভবিষ্যতেও জনগণের স্বার্থেই কাজ করে যাবে।
.
